SaghataNews.Com- সাঘাটা নিউজ

লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট : কাদের

 

লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট : কাদের
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। 

তিনি বলেন, দুর্নীতিবাজদের ধরতে নতুন করে আইন করার দরকার নেই। যে আইন আছে সেটা দিয়েই ধরা সম্ভব। প্রধানমন্ত্রী বলেছেন, আমিও বলব, আদার দিয়েছি, রুই কাতলা ধরা পড়বে।

রোববার (৯ জুন) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

কালো টাকা সাদা করার সমালোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা তো সাইফুর রহমান করেছেন, বেগম খালেদা জিয়াও করেছেন। বেগম জিয়া এখন বৃদ্ধ মানুষ। আমি বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।

বিএনপির অগ্নিসন্ত্রাস ও হুমকি মোকাবিলায় আগামীতে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামীতেও এ ধরনের হুমকির মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সবাই আমরা প্রস্তুত।

সীমান্ত এলাকায় হত্যার মহোৎসব চলছে— বিএনপির এমন মন্তব্যের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা মাঝে মধ্যে ঘটে। বিএনপির আমলে তো এটা আরও বেশি হয়েছিল। কিন্তু এটা যে মহোৎসব বা উৎসব এটা তো বলা যায় না। কোনো ঘটনা ঘটলেই কিন্তু দুই দেশ এক সাথে বসে, আলাপ আলোচনা করছে। এর পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে।
নবীনতর পূর্বতন