
ভারতের গত দুই নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার ২৭২ আসন ছুঁতে পারেনি নরেন্দ্র মোদীর দল। এর ফলে সরকার গড়তে জোট শরিকদের ওপর নির্ভর করতে হয়েছে তাদের। এর প্রভাব দেখা গেছে শপথগ্রহণ অনুষ্ঠানেও।
মিত্রশক্তি, বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) একাধিক মন্ত্রণালয় পেতে যাচ্ছে মোদী ৩.০ সরকারে। রোববার রাত ৮টার দিকে দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় মোদীর শপথ অনুষ্ঠান। তাকে শপথবাক্য পাঠ করান ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর একে একে শপথ নেন অন্য মন্ত্রীরাও। ভারতীয় মন্ত্রিসভার এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনসহ শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের সরকারপ্রধানরা।
এতে অংশ নিয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি, মুকেশ আম্বানি, বলিউড তারকা
শাহরুখ খান, অক্ষয় কুমার, দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তসহ আরও কয়েক
হাজার অতিথি।