ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা এই সরকারে জায়গা পেয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আর এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সর্বত্র প্রশংসায় ভাসছেন নাহিদ ও আসিফ।
রুকাইয়া জেসমিন নামের একজন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘নাহিদ আমাদের দক্ষিণ বনশ্রী খিলগাঁও এর গর্ব।। ইনশাল্লাহ, নাহিদ বড় হয়ে ভালো কিছু করবে দেশের জন্য।’ সমন্বয়ক সারজিস আলম লেখেন, ‘অভিনন্দন তরুণ প্রজন্ম।’ এছাড়াও আরো অনেকে তাদের ফেসবুক পোস্টে নাহিদ ও আসিফতে শুভেচ্ছা জানান।
এদিকে, আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য ১৬ জন সদস্যের মধ্যে আছেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, ফারুকী আযম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন, ড. আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে যে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের খোঁজ নিয়ে তাদের পরিবার ও শিক্ষা সম্পর্কে কিছু তথ্য জানা গিয়েছে।
নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী৷ থাকেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন৷ বাবার নাম বদরুল ইসলাম জামির। নাহিদের স্থায়ী ঠিকানা ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ ইউনিয়নে। বর্তমানে পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়। তিনি একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (আসিফ মাহমুদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে। নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাবার নাম মো. বিল্লাল হোসেন। আসিফ মাহমুদের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি বর্তমানে গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।