অনলাইন ডেস্কঃ তথ্য অধিকার বিধিমালা অনুসরণ করে তথ্য চাইতে গিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে লাঞ্চিত হয়েছেন এশিয়ান টিভির সাদুল্লাপুর প্রতিনিধি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও রাজধানী টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দ।
গত ৩১ জুলাই উপজেলা প্রকৌশলী বরাবর তথ্য চেয়ে আবেদন করেন এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৬ আগস্ট) তথ্য প্রদানের বিষয়ে উপজেলা প্রকৌশলীর নিকট জানতে চাইলে তার অফিস রুমে অবস্থানরত উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান উত্যক্ত হয়ে সাংবাদিকদের অপমানমূলক কথাবার্তা ও গালিগালাজ করেন। এ সময় গালিগালাজ ও উত্যক্তের কারণ জানতে চেয়ে ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হন তিনি। পরে মশিউর রহমান সাংবাদিকদের হাতের মোবাইল, ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে হুমকি ধামকি দিতে থাকে।
এরপর উপস্থিত সেবাগ্রহীতা ও সাংবাদিকদের সামনে অফিসে বসে ভিলেন স্টাইলে ধূমপান করতে থাকেন। এমনকি সাংবাদিকদের নিকট থেকে সাইট পরিদর্শনের খরচ চেয়ে উন্মাদ আচরণ করতে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী জানায়, গাইবান্ধা সদরে অভিযুক্ত মশিউর রহমানের বাসা-বাড়ি হওয়ায় প্রভাব খাটিয়ে অফিস স্টাফদেরকে জিম্মি করে ঠিকাদারদের নিকট হতে অসৎ পন্থায় বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেয়।
উপজেলা প্রকৌশলী মো. মেনাজের নিকট তার উপস্থিতিতে তারই অধীনস্থ উপ-সহকারী প্রকৌশলীর এমন আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু না বলে দ্রুত অফিস ত্যাগ করেন।

