অনলাইন ডেস্কঃ গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর দুপুরে ‘কৃষিই শক্তি, উচ্চ শিক্ষা মোদের যৌক্তিক দাবি’ শীর্ষক স্লোগানে শহরের দুই নম্বর ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এর আগে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে শহরের দুই নং ট্রাফিক মোড়ে সমবেত হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন— গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মুনতাসির, সাকিব, কাওছার শেখ, ইভা, মিতু, মারুফা এবং মিরাজসহ কয়েকজন।
এ সময় বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশল থেকে পাসের পর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) রয়েছে। এ রকম সুযোগ অন্যান্য ডিপ্লোমার ক্ষেত্রেও কমবেশি রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কৃষি ডিপ্লোমার ক্ষেত্রে সেই সুযোগ একেবারেই নেই। কৃষি ডিপ্লোমা শেষে উচ্চশিক্ষা অর্জনের কোনো ব্যবস্থা না থাকায় আমাদের মধ্যে দিন দিন হতাশা বাড়ছে।
এজন্য আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করতে হবে। একইসঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যাক আসন বরাদ্দ করতে হবে। আমাদের এই যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
