ইয়ামিন হাসান: সড়কের পাশে থাকা তাল গাছ ঝড়ের কবলে উপরে পড়ে রাস্তার এক পাশে বিশাল গর্তের সৃষ্টি করেছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত যানবাহন চলছে।
গাইবান্ধার সাঘাটায় মুক্তিনগর থেকে মান্দুরা এলজিইডির সড়কে সরকারপাড়া(মান্দুরা) নামক স্থানে রাস্তার পূর্ব পাশে ঘেষে থাকা পুরোনো এক তাল গাছ ঝড়ের কবলে উপরে পড়ে। এতে গাছটির শিকড় মাটির তলদেশ হয়ে রাস্তাটির মাঝ বরাবর মাটি ধ্বসে ফেলেছে পুকুরে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২-৩ বছর আগে এমন ঘটনা ঘটেছিল। সেসময় থেকেই রাস্তাটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও নিরীহ পথচারী।
এ রাস্তা ধরে নিয়মিত চলাচলকারী শহিদুল ইসলাম নামের এক ভ্যানচালক জানান, মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও এ স্থানে একটি এ্যাম্বুলেন্স গর্তের কারণে দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে রাতের বেলায় অন্ধকারে কিছুই দেখতে পাওয়া যায় না। এরকম আরও ক'জন পথচারী রাস্তাটির এ গর্তে ছোট বড় দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম সংস্কারের দাবি তুলে জানান, জনদুর্ভোগ এড়াতে রাস্তাটির দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন। যেহেতু এলজিইডির সড়ক এটি তাই এলজিইডি কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
রাস্তাটির মেরামত বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী নয়ন রায়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অফিশিয়াল নম্বর বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয় নি।
