SaghataNews.Com- সাঘাটা নিউজ

ট্যাক্সের টাকার সরকারি ওয়েবসাইট যেন অকর্মার ধাড়ি

 

ট্যাক্সের টাকার সরকারি ওয়েবসাইট যেন অকর্মার ধাড়ি

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে বিভিন্ন সরকারি অফিসের জন্য প্রায় ২৪ হাজার ওয়েবসাইট। ২০১১-১২ অর্থবছরে তৈরি হওয়া এসব ওয়েবসাইটের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সরকারি সব কার্যক্রম সম্পর্কে সার্বক্ষণিক হালনাগাদ থাকা এবং জনসাধারণকে ডিজিটাল পদ্ধতিতে কাঙ্খিত হালনাগাদ তথ্য দেওয়া।  অথচ গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন অফিসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না গুরুত্বপূর্ণ কোনো তথ্য। ওয়েবসাইটগুলো ঘুরে দেখা যায়, ব্যাপক অবহেলায় বিগত কয়েক বছর যাবৎ তেমন কোনো তথ্যই হালনাগাদ করা হয়নি।  

এলজিইডি সাঘাটার ওয়েবসাইট ঘুরে নোটিশ বোর্ডে প্রবেশ করলে দেখা যায়, ২০১৭ সালে সর্বশেষ একটি আপডেট রয়েছে সেখানে। কিন্তু টেন্ডার কিংবা প্রকল্প সম্বলিত কোন তথ্যই দেখতে পাওয়া যায়নি। এছাড়াও এ উপজেলার প্রকল্প কর্মকর্তার ওয়েবসাইট ঘুরে দেখা যায়, পূর্বের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নাম ও ছবি রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত। আবার, শিক্ষা অফিসের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ২০১৮ সালের পর থেকে কোন তথ্যই আপডেট করা হয়নি। 

উপজেলা জুড়ে মোট প্রাথমিক বিদ্যালয় এর তালিকা বা শিক্ষার্থীর সংখ্যা জানার মতো নূন্যতম তথ্য জানতে দ্বারস্থ হতে হয় এই অফিসে। বেশিরভাগ ক্ষেত্রেই মুঠোফোনে যোগাযোগ করে তথ্য পেতে বিড়ম্বনা পোহাতে হয়। এসব ওয়েবসাইটের দুরবস্থা তুলে ধরে সচেতন নাগরিক খন্দকার জান্নাতুন নাহার বলেন, আমাদের সাঘাটা উপজেলার বিভিন্ন ওয়েবসাইটে তথ্যের ঘাটতি রয়েছে। এজন্য মাঝে মাঝেই ভোগান্তির শিকার হচ্ছি।  

এছাড়াও স্থানীয় কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। তাঁরা জানিয়েছেন, মূলত তথ্য গোপন রাখতে বিভিন্ন অফিসের কর্মকর্তারা এসব ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করাচ্ছেন না।  বিষয়টি জানিয়ে সাঘাটার নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে এ প্রতিবেদককে জানান, নতুন কর্মকর্তা যোগদান করায় কিছু ওয়েবসাইটে তথ্য আপডেট হয়নি হয়ত। আমি দ্রুত ব্যবস্থা নেব।

নবীনতর পূর্বতন