SaghataNews.Com- সাঘাটা নিউজ

৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মুচলেকায় মুক্ত

৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মুচলেকায় মুক্ত


অনলাইন ডেস্কঃ গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে প্রায় ৩৭ লাখ টাকাসহ নাটোরের সিংড়ায় আটক করেছে পুলিশ। তবে পরে আদালতে মুচলেকা দিয়ে স্বজনদের জিম্মায় মুক্তি পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার মধ্যরাতে সিংড়া উপজেলার চলনবিল গেইট এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশির সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কার থামানো হয়। গাড়ির ভেতরে থাকা কালো রঙের একটি ব্যাগে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গাড়ি ও টাকা জব্দ করে প্রকৌশলী ছাবিউল ইসলামকে থানায় নিয়ে যায় পুলিশ।

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, “টাকা বহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং বিপুল অঙ্কের নগদ অর্থের উৎস সম্পর্কে সন্দেহ থাকায় তাকে থানায় নেওয়া হয়। পরে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।”

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, ছাবিউল ইসলাম পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেন, তিনি জমি বিক্রির টাকা নিয়ে রাজশাহীতে নিজ বাসায় যাচ্ছিলেন। তবে টাকার প্রকৃত উৎস নিশ্চিত হতে অনুসন্ধান শুরু হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি অবহিত করা হয়েছে।

শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে তদন্তে সহযোগিতার শর্তে মুচলেকা রেখে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে প্রকৌশলী ছাবিউল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।


নবীনতর পূর্বতন