সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিশুদের বিনোদনের নতুন সংযোজন হিসেবে "কুসুম কলি উপজেলা প্রশাসন শিশু পার্ক" উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড়ে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম মাজু, সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী এবং জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ পার্কের বিভিন্ন বিনোদন উপকরণ পরিদর্শন করেন এবং শিশুদের জন্য নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এ পার্কটি শিশুদের বিনোদনের জন্য নতুন মাত্রা যোগ করবে এবং পরিবারগুলো তাদের সন্তানদের নিয়ে নিরাপদে সময় কাটানোর সুযোগ পাবে।
