স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে সাঘাটায় অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে সাঘাটায় অবস্থান কর্মসূচি


মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের ছয় দফা দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, সাঘাটা উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

বক্তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ। টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান।

এসোসিয়েশনের সাঘাটা উপজেলা শাখার সভাপতি শাফিউল আলম, সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম, সহসভাপতি সাবিনা ইয়াসমিন এবং সদস্য সবুজ মিয়া কর্মসূচিতে বক্তব্য রাখেন। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে পহেলা সেপ্টেম্বর থেকে কর্ম বিরতি  ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের এই দাবি দীর্ঘদিনের এবং সংশ্লিষ্টরা মনে করেন যে এর বাস্তবায়ন মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নবীনতর পূর্বতন