অনলাইন ডেস্ক : নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত সরকার। এ পরিকল্পনার আওতায় প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ অগ্রাধিকারমূলক কর্মসূচি নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকারের মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং জ্বালানি খাতে সম্ভাব্য সংকট প্রতিরোধে কার্যকর নজরদারি জোরদার করা। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাধারণত নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করে থাকে। তবে বর্তমান সরকার তুলনামূলক বৃহত্তর পরিসরে ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিচ্ছে, যাতে নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের ভিত্তি তৈরি হয়। পরিকল্পনার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেছেন, জনগণ সরকারের নির্বাচনী ইশতেহারের ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
