SaghataNews.Com- সাঘাটা নিউজ

মানবিক ও সাহসী সাংবাদিক সোলায়মান আলী আর নেই

বোনারপাড়ার প্রবীণ সাংবাদিক সোলায়মান আলীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার সিনিয়র সাংবাদিক সোলায়মান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার আনুমানিক রাত ১০টার পর হৃদরোগে আক্রান্ত হয়ে সাঘাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে তিনি প্রথম হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে জটিলতা দেখা দিলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একাধিকবার চিকিৎসা নেন। এরপর থেকে নিয়মিত চিকিৎসার মধ্যেই ছিলেন তিনি।

তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের সূচনা হয় আশির দশকে। তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো, জাতীয় দৈনিক মানবজমিন এবং মোহনা টেলিভিশনে কর্মরত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় তিনি দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি একজন সাহসী, মানবিক ও বন্ধুসুলভ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুর দিন বিকেলে জুমার নামাজ শেষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন। পরে রাত ৮টার দিকে ঈদের কেনাকাটা শেষ করে সাড়ে ৮টার দিকে এক আত্মীয়ের জানাজায় অংশ নেন। বাড়িতে ফিরে রাতের খাবার শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের কাছে তিনি একজন সৎ ও সদালাপী মানুষ হিসেবে সমাদৃত ছিলেন। ঈদের আগমুহূর্তে তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী ও এলাকাবাসী। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

নবীনতর পূর্বতন