গাইবান্ধা জেলার সাঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাঈদ (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম (৪৫)। আজ রবিবার (১৩ অক্টোবর) উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আবু সাঈদ ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি ফুলছড়ি উপজেলার বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সাঘাটা থানার উপপরিদর্শক মোঃ রাশেদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানায়, বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন আবু সাঈদ। পথে ভাঙ্গামোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে আবু সাঈদ আহত হয়ে ঘটনাস্থানে জ্ঞান হারায়। একই সঙ্গে তার স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।
