খাদিজা বাসার,গাইবান্ধা (গোবিন্দগঞ্জ),গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুট্টার বাম্পার ফলনের আশায় উপজেলার কৃষকদের মুখে হাসি। এবার আবহাওয়া অনুকূলে ও উন্নত প্রযুক্তির কারণে কৃষকরা ভালো ফলনের আশা করছেন। আগাম জাতের ভুট্টা গাছে বের হচ্ছে মোচা। কৃষকেরা আশা করছে আগের বছরের তুলনায় এই বছর বেশি ভুট্টা ফলনের।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় গত বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪ শত ৫০ হেক্টর। এবার গত বছরের চেয়ে অতিরিক্ত জমি চাষের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৩ হেক্টর। এই বছর আগের বছর গুলোর তুলনায় বেশি ফলনের সম্ভাবনা দেখছে তারা।
উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কৃষক আবুল কালাম জানান,বিগত কয়েক বছরে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এ অঞ্চলের চাষিরা দিন দিন ভুট্টার দিকে ঝুঁকছেন। এ ছাড়াও বাংগালী নদীর তীরবর্তী অঞ্চলসহ বিভিন্ন চরাঞ্চলে ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে, যা কৃষকদের অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক সারা ফেলছে।
উপজেলার সাপমারা ইউনিয়নের ভুট্টাচাষি মোখলেছুর রহমান বলেন, 'আগে এই এলাকায় তামাক, গম ও পাট চাষ বেশি হতো। তবে এখন মানুষের নানা ধরনের খাবারসহ গবাদি প্রাণী, মাছ ও হাঁস, মুরগির ও কবুতরের খাদ্য হিসেবে বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে আমরা বেশি পরিমাণে ভুট্টা চাষ করছি। বাজারে দামও ভালো, এতে করে আমরা কৃষক লাভবান হচ্ছি’।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান জানান,’ চলতি মৌসুমে উপজেলায় ১৬ শত ৩৩ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকদের লাভ ও আগ্রহের কারণে এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে’।
