SaghataNews.Com- সাঘাটা নিউজ

যুদ্ধকালীন ক্ষমতা বিপ্লবী গার্ডের হাতে তুলে দিলেন খামেনি, গোপন বাঙ্কারে আশ্রয়

যুদ্ধকালীন ক্ষমতা বিপ্লবী গার্ডের হাতে তুলে দিলেন খামেনি, গোপন বাঙ্কারে আশ্রয়


আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধকালীন ক্ষমতা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সুপ্রিম কাউন্সিলের হাতে হস্তান্তর করেছেন।

ইরান ইন্টারন্যাশনাল, হিন্দুস্তান টাইমস ও এমএসএন-এর খবরে বলা হয়েছে, দেশটির শীর্ষ বৈজ্ঞানিক, সামরিক ও প্রশাসনিক ব্যক্তিদের লক্ষ্য করে ইসরায়েলের ধারাবাহিক হামলার পর এমন সিদ্ধান্ত নেন খামেনি।

খবরে আরও বলা হয়েছে, খামেনি পাঁচ দিন ধরে জনসমক্ষে অনুপস্থিত এবং বর্তমানে তার ছেলে মোজতবা খামেনিসহ ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজানে একটি ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থান করছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বিবৃতিতে দাবি করেছেন, খামেনির অবস্থান চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, "তিনি এখন নিরাপদে থাকলেও আমাদের ধৈর্য সীমিত। আমরা তাকে এখনই হত্যা করছি না, তবে সহজ লক্ষ্যবস্তু।"

যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, ইরানের বিচার বিভাগ স্বীকার করেছে যে, দেশটি কার্যত জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, খামেনির এ পদক্ষেপ কেবলমাত্র বর্তমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্যই নয়, বরং তার মৃত্যুর পর নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষার কৌশল হিসেবেও বিবেচিত হতে পারে।

নবীনতর পূর্বতন