গাইবান্ধা (পলাশবাড়ী): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে সালমান ফারসি (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে শিশুটি তার নানাবাড়ির উঠানে খেলা করছিল। ওই সময় ধান বীজ ভিজিয়ে রাখার জন্য উঠানে রাখা একটি পানিভর্তি বালতির মধ্যে অসাবধানতাবশত পড়ে যায় সালমান।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম বলেন, “এমন মর্মান্তিক ঘটনা আমরা শুনেছি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে শিশুদের প্রতি পরিবারের আরো বেশি নজরদারি ও সচেতনতা প্রয়োজন।”
স্থানীয়দের মতে, সচেতনতা ও সাবধানতা বাড়ানো গেলে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
