SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটায় ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি বাবা

সাঘাটায় ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি বাবা


গাইবান্ধার সাঘাটা উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন মা। একই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা। একদিনেই মা ও ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (২৮)। তিনি নীলকুঠি গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত শুক্রবার সকাল আনুমানিক ১২টার দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

দুপুর আনুমানিক ২টার দিকে আশরাফুল ইসলামের মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের মাতম। ছেলের মৃত্যুর খবর শোনামাত্রই তার মা আছিয়া বেগম (৪৮) চিৎকার দিয়ে ওঠেন এবং তীব্র মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা জানান, শোক সইতে না পেরে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।

এদিকে, চোখের সামনে স্ত্রীর মৃত্যু এবং ঢাকায় ছেলের মৃত্যুসংবাদে আশরাফুলের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

নিহত আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন,“আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। শুক্রবার নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, তা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল। একদিনে আমাদের পরিবার যেন সব হারাল।”
নবীনতর পূর্বতন