সাঘাটায় বিএনপি অফিসের সামনে ককটেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাঘাটায় বিএনপি অফিসের সামনে ককটেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা বাজার সংলগ্ন স্থানীয় বিএনপির নির্বাচনী অফিসের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, অফিসের সামনে একটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি সাঘাটা থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ককটেল বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেলটি সেখানে রাখা হয়েছিল তা তদন্ত করে জানা যাবে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল), সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বোমা ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।


নবীনতর পূর্বতন