SaghataNews.Com- সাঘাটা নিউজ

এক টাকায় ঈদ বাজার, গাইবান্ধায় ব্যতিক্রমী মানবিক আয়োজন

এক টাকায় ঈদ বাজার, গাইবান্ধায় ব্যতিক্রমী মানবিক আয়োজন


মোস্তাফিজুর রহমান, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের গাইবান্ধা”। সংগঠনটির আয়োজনে মাত্র ১ টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নিম্নআয়ের মানুষ।  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ‘১ টাকার বাজার’ এর মাধ্যমে এ বছর জেলার ২৫০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবার এক টাকা মূল্যে একটি পূর্ণাঙ্গ খাদ্য প্যাকেজ পাচ্ছেন, যাতে রয়েছে মুরগি, চাল, তেল, ডাল, চিনি, সেমাই, দুধসহ মোট ১৮ ধরনের প্রয়োজনীয় পণ্য।  

বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিন্নমূল মহিলা সমিতির প্রধান নির্বাহী মুরশিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, অধ্যাপক মুর্তজা বাণুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের উপদেষ্টারা।  

সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আছিয়া বেগম (৫৭) বলেন, ঈদ সামনে রেখে চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। এই সহায়তা পেয়ে তার পরিবারে স্বস্তি ফিরেছে। একই গ্রামের জোসনা বেগম জানান, স্বল্প আয়ের কারণে প্রয়োজনীয় সব পণ্য কেনা সম্ভব হয় না। এক টাকায় এমন সহায়তা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

পুলবন্দি গ্রামের রহিমা খাতুন বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এক টাকায় কিছুই পাওয়া যায় না, অথচ এখানে প্রয়োজনীয় অনেক পণ্য পাওয়া গেছে, যা ঈদের প্রস্তুতিতে সহায়ক হবে। দিনমজুর হেসকার আলী জানান, শিক্ষার্থীদের উদ্যোগে এমন আয়োজন সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।  

সংগঠনের সভাপতি সায়হাম রহমান বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি, সহায়তা গ্রহণকারীদের সম্মান বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের ক্রেতা হিসেবে অনুভব করতে পারেন।  সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সাল থেকে তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগকালীন সহায়তায়ও সক্রিয় রয়েছে সংগঠনটি।  

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবীনতর পূর্বতন