অনলাইন ডেস্ক ►
ইরানের সঙ্গে আবারও সামরিক সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি “দুর্ব্যবহার” করে বা “খারাপ কিছু” করে, তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।
শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে। তবে এখন দেখা যাক কী হয়।” তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র “খুব ভালো অবস্থানে” রয়েছে এবং তেহরান এখন চুক্তি করতে চায়, কারণ দেশটি “বিধ্বস্ত” হয়ে গেছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। তার ভাষায়, “তারা বুঝতেই পারছে না তাদের নেতা কে। তারা জানেই না তাদের নেতা কে।” একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি “আর নেই”।
ইরানের পাঠানো প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “তারা আমাকে চুক্তির ধারণা জানিয়েছে। এখন তারা এর সুনির্দিষ্ট ভাষা দেবে।”এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে কূটনৈতিক সমাধান ও উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ট্রাম্প ওই প্রস্তাব নিয়ে এখনো সংশয় প্রকাশ করছেন।
