অনলাইন ডেস্ক
বিএনপি সরকার গঠনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে নতুন পাঁচ জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাব সরকারি কাজে থাকা উচিত নয়।
পোশাক শিল্পের অন্যতম কেন্দ্র গাজীপুর, যেখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে পাঁচ হাজারের বেশি ছোট-বড় কারখানা। এসব কারখানাকে একটি নির্দিষ্ট জোনে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, পরিবেশ দূষণ রোধ এবং কৃষিজমি সুরক্ষার লক্ষ্যে রোববারের সম্মেলনে এই প্রস্তাব উত্থাপন করা হচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, যেখানে যার ইচ্ছা, সেখানেই কলকারখানা স্থাপন করা হচ্ছে। এতে ব্যবস্থাপনা ও ব্যবহার দুই ক্ষেত্রেই নানা সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে বর্জ্য অপসারণ, গ্যাস-বিদ্যুতের সংযোগ এবং মালামাল পরিবহনে জটিলতা দেখা দেয়। এসব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হলে ব্যবস্থাপনা সহজ হবে।
যাচাই-বাছাই শেষে এ ধরনের ৪৯৮টি প্রস্তাব সম্মেলনে তোলা হচ্ছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব রয়েছে বরগুনা, পিরোজপুর ও লালমনিরহাট জেলায়। এছাড়া বরিশালে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের প্রস্তাব রয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ওঁরাও ও মাহাতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ ভাতা চালুর প্রস্তাব দিয়েছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক সাপের কামড়ে ব্যবহৃত অ্যান্টি-ভেনম ইনজেকশনের সরবরাহ বাড়ানোর প্রস্তাব করেছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক সব সরকারি হাসপাতালে প্রবীণদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা চালুর প্রস্তাব দিয়েছেন। এছাড়া বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে রংপুরে এক হাজার শয্যার একটি সরকারি হাসপাতাল স্থাপনের প্রস্তাব এসেছে।
সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, ডিসিরা তাদের অভিজ্ঞতা ও কর্মকাণ্ডের ভিত্তিতে যেসব বিষয়কে যৌক্তিক মনে করেন, সেগুলো সরকারের নজরে আনেন। তবে সব প্রস্তাবই যে গৃহীত হবে বা যৌক্তিক বিবেচিত হবে তা নয়।
সাবেক স্বাস্থ্যসচিব সাইদুর রহমান বলেন, বড় হাসপাতালগুলো যেমন সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালগুলোতে আলাদা ডে-কেয়ার ইউনিট চালু করা গেলে রোগীদের প্রতি বিশেষ নজর দেওয়া সম্ভব হবে।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেন, সরকারি কাজে কোনো রাজনৈতিক মতাদর্শের প্রভাব থাকা উচিত নয়। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে মেধা ও দক্ষতার ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, একজন জেলা প্রশাসকের কাছে যে দায়িত্ব অর্পিত হবে, তা তাকে যথাযথভাবে পালন করতে হবে। সরকারের বিভিন্ন অঙ্গের সঙ্গে সমন্বয় ও বোঝাপড়ার মাধ্যমে কাজ করতে হবে। দেশের নাগরিক হিসেবে তারাও সমস্যাগুলো বোঝেন এবং সেগুলোর সমাধানে চেষ্টা করেন।
গত বছরের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হার বিশ্লেষণে দেখা গেছে, স্বল্পমেয়াদি প্রস্তাবের ৬১ শতাংশ, মধ্যমেয়াদি ৩৫ শতাংশ এবং দীর্ঘমেয়াদি প্রস্তাবের ১৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
